নারায়ণগঞ্জ কথা ডট কম : নারায়ণগঞ্জ পরিবেশবান্ধব পাটের বহুমুখী ব্যবহারের প্রসার এবং দেশীয় উদ্যোক্তাদের উৎসাহিত করতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তর এই মেলার বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬ শুভ উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
শনিবার (২৫ এপ্রিল) নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী চাষাড়া শহীদ জিয়া হল প্রাঙ্গণে এ বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম, এমপি এবং নারায়ণগঞ্জ-৫ আসনের
মাননীয় সংসদ সদস্য আবুল কালাম, এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “পাট বাংলাদেশের ঐতিহ্যবাহী সোনালি আঁশ। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে পাটপণ্যের বহুমুখীকরণ ও এর ব্যবহার বৃদ্ধি এখন সময়ের দাবি। পরিবেশ
রক্ষায় প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের তৈরি পণ্যের প্রসার ঘটাতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” তিনি পাটশিল্পের উন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে এর চাহিদা বৃদ্ধিতে সরকারি-বেসরকারি সকল পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব জনাব আব্দুন নাসের খান এবং পাট অধিদপ্তরের
মহাপরিচালক সৈয়দ মোঃ নূরুল বাসির।
বক্তারা পাটপণ্যের নতুন নতুন বাজার সৃষ্টি এবং দেশীয় কারিগরদের নিপুণ কাজের ভূয়সী প্রশংসা করেন।
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উদ্যোক্তা ও প্রতিষ্ঠান তাদের উৎপাদিত বৈচিত্র্যময় পাটজাত পণ্য নিয়ে স্টল সাজিয়েছেন। পাটের তৈরি দৃষ্টিনন্দন ব্যাগ, জুতা, ঘর সাজানোর সামগ্রী, অফিস সরঞ্জামসহ বিভিন্ন আধুনিক ও ব্যবহারিক পণ্যের সমাহার মেলায় আগত দর্শনার্থীদের নজর কাড়ছে।
সংশ্লিষ্টরা জানান, মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলা আয়োজনের মূল লক্ষ্য হলো পাটের তৈরি বহুমুখী পণ্যের জনপ্রিয়তা বাড়ানো এবং সাধারণ মানুষের নাগালে পৌঁছে দেওয়া। স্থানীয় বাসিন্দারা ছুটির দিনে এমন আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন।